সৃজনশীল (CQ)
১. কালাম, আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে। তাদের অবস্থা তেমন ভালো নয়। কোনো মতে দিন অতিবাহিত করে। এ কারণে হাজি সাহেব তার যাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা, কালামকে একটা ভ্যানগাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন। তিনি বললেন, তোমরা পরিশ্রম করে খাও, আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাজি সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে। আবুল আর কালাম কোনো সাহায্যই করলো না। কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুকের জামাটা সেলাই করে দিল।
- ক) স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন?১
- খ) স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন?২
- গ) কালাম ও আবুলের কাজের মধ্যে 'সততার পুরস্কার' গল্পের যে দিকটি প্রতিফলিত তা ব্যাখ্যা কর।৩
- ঘ) 'হাফিজের কাজের মধ্যেই 'সততার পুরস্কার' গল্পের মূল শিক্ষা নিহিত'—কথাটি বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) স্বর্গীয় দূত তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন।
খ) ফেরেশতা হলেন আল্লাহর দূত। তাঁরা নূরের তৈরি।
মহান আল্লাহ মানব জাতিকে কখনো কখনো পরীক্ষা করে থাকেন। এ পরীক্ষা তিনি সবাইকে একইভাবে করেন না। আল্লাহ তায়ালা এমনিভাবে তিনজন ইহুদিকে পরীক্ষা করার জন্য ইচ্ছা পোষণ করলেন। আর এ কাজের দায়িত্ব দেন একজন ফেরেশতার উপর। আল্লাহর দেওয়া হুকুম পালন করে ইহুদিদেরকে পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন।
গ) কালাম ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পের ধবলরোগী ও টাকওয়ালার দিকটি প্রতিফলিত হয়েছে।
সততার পুরস্কার গল্পে আমরা দেখতে পাই ধবলরোগী ও টাকওয়ালা আল্লাহর কৃপায় স্বর্গীয় দূতের সাহায্যে ভালো হয়েছে। তারা দূতের দেওয়া উট ও গাই পেয়ে প্রচুর উট ও গাভীর মালিক হয়ে সুখে দিন অতিবাহিত করছে। কিন্তু ঐ দূত যখন পুনরায় ছদ্মবেশ ধারণ করে তাদের কাছে সাহায্যের জন্য আসেন তখন তারা তাদের পূর্বের কথা সম্পূর্ণ অস্বীকার করে এবং দূতকে সাহায্য না দিয়ে ফিরিয়ে দেয়।
পক্ষান্তরে আমরা উদ্দীপকে দেখতে পাই হাজি সাহেব যাকাতের টাকা দিয়ে আবুলকে একটি রিক্সা এবং কালামকে একটি ভ্যান গাড়ি কিনে দেন। এর ফলে তাদের ভাগ্যের পরিবর্তন সাধিত হয়। কিন্তু তাদের পরীক্ষা করার জন্য যখন হাজী সাহেব এক ভিক্ষুককে পাঠালেন তখন তারা তাকে সাহায্য না করেই ফিরিয়ে দেয়। তাই কালাম ও আবুলকে একজন অকৃতজ্ঞ ব্যক্তি বলা যায়। আর উদ্দীপকে গল্পের এ অকৃতজ্ঞ দিকটিই প্রতিফলিত হয়েছে। আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন।
ঘ) সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় তুলে ধরাই 'সততার পুরস্কার' গল্পের মূল শিক্ষা, যা উদ্দীপকের হাফিজ চরিত্রের মাঝে সার্থকভাবে ফুটে উঠেছে।
'সততার পুরস্কার' গল্পে সততা ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়েছে, যা তৃতীয় ব্যক্তি তথা অন্ধ ইহুদির আচরণে প্রকাশ পেয়েছে। সে বিদেশি বিপদগ্রস্ত লোকটিকে সাহায্যার্থে পছন্দমতো জিনিস নেওয়ার আন্তরিক অনুরোধ করেছে।
উদ্দীপকের হাফিজ দরিদ্র অবস্থা থেকে মুক্তি পেয়েছে। হাজী সাহেবের দেওয়া সেলাই মেশিন হাফিজের অবস্থা বদলে দিয়েছে। এ জন্য সে সব সময় আল্লাহর নিকট কৃতজ্ঞ থেকেছে। আর তাই অসহায় দরিদ্র ভিক্ষুক তার কাছে এলে সে ভিক্ষুকের জামাটা বিনে পয়সায় সেলাই করে দিয়ে কৃতজ্ঞতা ও নৈতিকতার পরিচয় দিয়েছে।
'সততার পুরস্কার' গল্পের তৃতীয় ইহুদি এবং উদ্দীপকের হাফিজের মনোভাব একই ধরনের। নিজেদের অবস্থার পরিবর্তন হলেও তারা অতীতকে ভুলে যায়নি। দরিদ্র অসহায়কে সহায়তা করে তারা নৈতিকতার পরিচয় দিয়েছে। আর এটিই হচ্ছে 'সততার পুরস্কার' গল্পের মূল শিক্ষা। এ বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।