সৃজনশীল (CQ)
১. নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
রাইয়ানের মাকে কিছুদিন পর পর রাইয়ানের জন্য খাতা, পেন্সিল, রাবার, খেলার বল কিনে দিতে হয়। একদিন খেলার মাঠ থেকে ফিরে রাইয়ান তার ব্যাট বল জুতা ছড়িয়ে ছিটিয়ে রাখলে তাতে হোঁচট খেয়ে তার ছোট বোন রূপার কপাল কেটে যায়।
- ক) শিশুর জীবনের প্রথম পরিবেশ কোনটি?১
- খ) প্রাথমিক চিকিৎসা বলতে কী বুঝায়?২
- গ) রাইয়ানের কোন অভ্যাসের জন্য রূপা ব্যথা পেল? ব্যাখ্যা কর।৩
- ঘ) রাইয়ানের এ ধরনের অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনে কী প্রভাব ফেলে? বুঝিয়ে লিখ।৪
উত্তর দেখুন
ক) শিশুর জীবনের প্রথম পরিবেশ হলো গৃহ।
খ) আকস্মিক কোনো দুর্ঘটনায় আহত ব্যক্তিকে শুশ্রূষা করা এবং সাময়িকভাবে তাকে আরাম প্রদানের জন্য তাৎক্ষণিক যে চিকিৎসা দেয়া হয়, তাকে প্রাথমিক চিকিৎসা বলে। যেমন : কেউ পড়ে গিয়ে হাত-পা কেটে আহত হলে তাকে স্যাভলন ও তুলা দিয়ে ব্যান্ডেজ করে দেওয়া।
গ) রাইয়ানের অগোছালো ও অসতর্কতামূলক কর্ম অভ্যাসের জন্য রূপা ব্যথা পেল। আমরা জানি, প্রত্যেকটা জিনিসের ব্যবহার ও সংরক্ষণের জন্য নির্দিষ্ট জায়গা থাকে। তাই পরিবারের সবাইকে ব্যবহারের পর জিনিসগুলো যথাস্থানে গুছিয়ে রাখতে হয়। এতে জিনিসপত্রগুলো টেকসই হয় এবং গৃহের পরিবেশ থাকে পরিচ্ছন্ন ও পরিপাটি। কিন্তু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখলে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটারও আশঙ্কা থাকে। যেমনটি আমরা উদ্দীপকে লক্ষ করেছি। রাইয়ান খেলার মাঠ থেকে ফিরে তার ব্যাট, বল, জুতা ছড়িয়ে ছিটিয়ে রাখায় সেগুলোর সাথে হোঁচট খেয়ে তার বোন রূপার কপাল কেটে যায়। এতে সে খুব ব্যথা অনুভব করে। তাই বলা যায়, রাইয়ানের অগোছালো অভ্যাসই রূপার ব্যথা পাওয়ার জন্য দায়ী।
ঘ) রাইয়ানের অসতর্কতামূলক অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। রাইয়ান তার ব্যবহারের সামগ্রীগুলো ব্যবহারের পর তা নির্দিষ্ট স্থানে রাখে না। ফলে রাইয়ান কিছুদিন পরপর তার প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে ফেলে। তার অগোছালো স্বভাবের কারণে গৃহে দুর্ঘটনা ঘটে। প্রতিটি জিনিস ব্যবহারের পর নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করতে হয়। জিনিসপত্র যথাস্থানে না রাখলে সেগুলো খুব বেশি টেকসই হয় না। প্রয়োজনের সময় সেগুলো সহজে হাতের কাছে পাওয়া যায় না। ফলে অযথা সময় ও শক্তি অপচয় হয় এবং কাজে বিরক্তি আসে। এছাড়া জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখলে গৃহের সৌন্দর্য নষ্ট হয় ও বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটারও আশঙ্কা থাকে।