সৃজনশীল (CQ)
১. A. পানি + কার্বন ডাইঅক্সাইড —(সূর্যের আলো, ক্লোরোফিল)→ গ্লুকোজ + অক্সিজেন
B. গ্লুকোজ + অক্সিজেন → কার্বন ডাইঅক্সাইড + পানি + তাপশক্তি
- ক) স্থলজ উদ্ভিদ মাটি থেকে কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে?১
- খ) সালোকসংশ্লেষণ বিক্রিয়াটি ব্যাখ্যা কর।২
- গ) B বিক্রিয়াটি প্রাণীর শ্বাসকাজে কীভাবে সহায়তা করে ব্যাখ্যা কর।৩
- ঘ) প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিক্রিয়া দুটির ভূমিকা আলোচনা কর।৪
উত্তর দেখুন
ক) স্থলজ উদ্ভিদ মাটি থেকে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে।
খ) সালোকসংশ্লেষণ একটি জটিল শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের ভেতর দিয়ে পাতায় প্রবেশ করে। এরপর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পানি ও কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ঘটে। এতে শর্করা (গ্লুকোজ) উৎপন্ন হয় এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত হয়।
গ) উদ্দীপকের B বিক্রিয়া অর্থাৎ শ্বসন প্রাণিদেহের একটি জৈবিক প্রক্রিয়া যা প্রাণীর শ্বাসকাজে সহায়তা করে।
শ্বসন প্রক্রিয়ায় জীবদেহের কোষস্থ খাদ্য থেকে শক্তি উৎপন্ন হয়। B নং বিক্রিয়াটিতে গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি উৎপন্ন হয়। এই শক্তি প্রাণীর যাবতীয় কাজে সহায়তা করে।
ঘ) উদ্দীপকের বিক্রিয়া A হলো সালোকসংশ্লেষণের এবং বিক্রিয়া B হলো শ্বসনের।
উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে অক্সিজেন ত্যাগ করে এবং পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। সমগ্র জীবকুল শ্বসন কাজের জন্য পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। সালোকসংশ্লেষণ ও শ্বসনের মাধ্যমে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের সমতা রক্ষা হয়।