সৃজনশীল (CQ)
১. রিকশায় ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আমিন সাহেব পায়ে ভীষণ ব্যথা পেলেন। ফারুক তাঁকে উঠিয়ে পরিচয় জিজ্ঞেস করায় তিনি বললেন, আমি মুক্তিযোদ্ধা আমিন। ফারুক তাঁকে সালাম জানিয়ে কাছের বন্ধুদের ডেকে এনে তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। মুক্তিযোদ্ধা আমিন সুস্থ হয়ে ফারুককে কিছু বখশিশ দিতে চাইলে ফারুক একজন মুক্তিযোদ্ধার সেবা করতে পারাকেই বড় বখশিশ বলে জানায়।
- ক) সাবুর মায়ের নাম কী?১
- খ) 'আর এখন কিছু করতে না পারলে অসোয়াস্তি'—সাবুর এই মনোভাবের কারণ ব্যাখ্যা কর।২
- গ) উদ্দীপকে 'তোলপাড়' গল্পের মিসেস রহমানের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।৩
- ঘ) তুমি কি মনে কর ফারুকের ভূমিকা 'তোলপাড়' গল্পের সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।৪
উত্তর দেখুন
ক) সাবুর মায়ের নাম জৈতুন বিবি।
খ) আগে ফায়-ফরমাশ খাটতে বিরক্ত লাগলেও যুদ্ধের সময় অসহায় মানুষকে সাহায্য করতে না পারলে অসোয়াস্তি হয় সাবুর।
শহর থেকে হাজার হাজার মানুষ জীবন বাঁচাতে সাবুদের গ্রাম পার হয়ে পালিয়ে যাচ্ছে। মানুষের এ পরিস্থিতি দেখে সাবুর মনে তাদের সাহায্য-সহযোগিতা করার ভাবনা উপস্থিত হয়। আলোচ্য উক্তিতে সাবুর মানসিক অবস্থাকেই নির্দেশ করা হয়েছে।
গ) বিপদগ্রস্ত হয়ে অন্যের সাহায্য প্রাপ্তির দিক দিয়ে উদ্দীপকের মুক্তিযোদ্ধা আমিন ও 'তোলপাড়' গল্পের মিসেস রহমান দুজনের সাদৃশ্য লক্ষ করা যায়।
'তোলপাড়' গল্পে মুক্তিযুদ্ধকালীন সাধারণ মানুষের দুরবস্থার চিত্র ফুটে উঠেছে। গল্পে শহরে পাকিস্তানিদের আক্রমণের শিকার হয়ে সাধারণ মানুষের পালিয়ে যাওয়ার চিত্র লক্ষ করা যায়। মিসেস রহমানও তাদের একজন। তিনি শহর থেকে পালিয়ে আসার পথে সাবুর কাছে সাহায্য পান।
উদ্দীপকের মুক্তিযোদ্ধা আমিন একজন বয়স্ক মানুষ, যার সঙ্গে মূল গল্পের মিসেস রহমানের বেশকিছু মিল রয়েছে। মুক্তিযোদ্ধা আমিনকে ফারুক আহত অবস্থায় স্বাস্থ্যসেবা দিয়েছে। সে জন্য তাকে আমিন সাহেব কিছু বখশিশ দিতে চাইলে ফারুক তা নেয়নি। 'তোলপাড়' গল্পেও মিসেস রহমানের বখশিশ না নিয়ে তার পাশে এসে সাবু সাহায্যের হাত বাড়িয়েছে। সুতরাং উভয় চরিত্রের মধ্যেই সাহায্য প্রাপ্তির পাশাপাশি কৃতজ্ঞতাবোধ বিদ্যমান। এদিক থেকে উভয়ের মধ্যে মিল রয়েছে।
ঘ) 'তোলপাড়' গল্পের সাবুর ভূমিকা পালন করার ভাবনাই উদ্দীপকের ফারুকের মধ্যে প্রকাশ পেয়েছে।
'তোলপাড়' গল্পের সাবু পাকিস্তানিদের অত্যাচারের ভয়ে শহর থেকে পালিয়ে আসা মিসেস রহমান নামের এক বয়স্ক মহিলাকে সহযোগিতা করে। মিসেস রহমান ক্লান্ত হলে তাকে পানি পান করিয়ে তৃপ্ত করেছে সাবু। উদ্দীপকে মুক্তিযোদ্ধা আমিনকে হাসপাতালে নিয়ে ফারুকও মহান দায়িত্ব পালন করেছে। মুক্তিযোদ্ধা আমিন তাকে বখশিশ দিতে চাইলেও সে তা গ্রহণ করেনি। মুক্তিযোদ্ধার সেবা করতে পারাটাকেই সে বখশিশ বলে মনে করেছে।
গল্পের সাবু মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। মিসেস রহমান তাকে টাকা দিতে চাইলেও সাবু টাকা গ্রহণ করেনি; বরং সে তার মায়ের দোহাই দিয়ে টাকা নেওয়া থেকে বিরত থেকেছে। উদ্দীপকের ফারুকের মধ্যেও একই মানসিকতার পরিচয় পাওয়া যায়। ফারুকের ভূমিকা 'তোলপাড়' গল্পের সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি।