সৃজনশীল (CQ)
১. বগুড়া জিলা স্কুলের ধর্মীয় শিক্ষক কোরবান আলী ছাত্রছাত্রীদের মানুষের মতো মানুষ হওয়ার উপদেশ দেন। পিতামাতা, আত্মীয়স্বজন ও ছোট-বড়দের সাথে যথাযথ আচরণেরও পরামর্শ দেন। জীবনের সবক্ষেত্রে শালীন, মার্জিত ও ভদ্র হওয়ার কথাও তার উপদেশে প্রকাশ পায়। এতে ছাত্রছাত্রীগণ ভালো হওয়ার শপথ করে।
- ক) আখলাকে হামিদাহ অর্থ কী?১
- খ) আখলাক বলতে কী বোঝ?২
- গ) শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে উদ্দীপকের শিক্ষক কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন? ব্যাখ্যা কর।৩
- ঘ) মানবজীবনে উদ্দীপকে আলোচিত বিষয়টির প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) আখলাকে হামিদাহ অর্থ- প্রশংসনীয় আচরণ।
খ) আখলাক আরবি শব্দ। এটি 'খুলুকুন' শব্দের বহুবচন। যার অর্থ- স্বভাব, চরিত্র ইত্যাদি। মূলত আখলাক হলো মানুষের স্বভাবসমূহের সমন্বিতরূপ। অর্থাৎ মানুষের আচার-আচরণ, চিন্তা-ভাবনা, মানসিকতা, কর্মপন্থা সবকিছুকে একত্রে আখলাক বা চরিত্র বলা হয়।
গ) শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে উদ্দীপকের শিক্ষক আখলাকে হামিদাহর প্রতি ইঙ্গিত করেছেন। যেসব স্বভাব বা চরিত্র সমাজে প্রশংসনীয় ও সমাদৃত, আল্লাহ ও তাঁর রাসুল (স.)-এর নিকট প্রিয় সেসব স্বভাব বা চরিত্রকে আখলাকে হামিদাহ বলা হয়। আখলাকে হামিদাহ মানবীয় মৌলিক গুণ ও জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এর দ্বারাই মানুষ পূর্ণমাত্রায় মনুষ্যত্বের স্তরে উপনীত হয়। মানুষের ইহ ও পরকালীন সুখ, শান্তি আখলাকে হামিদাহর ওপর নির্ভরশীল। উদ্দীপকে শিক্ষক কোরবান আলী ছাত্রছাত্রীদের মানুষের মতো মানুষ হওয়ার উপদেশ দেন। তিনি বলেন, পিতামাতা, আত্মীয়স্বজন ও ছোট-বড়দের সাথে যথাযথ আচরণেরও পরামর্শ দেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে শালীন, মার্জিত ও ভদ্র হওয়ারও পরামর্শ দেন। উপরিউক্ত আলোচনায় প্রতীয়মান হয় যে, উদ্দীপকের শিক্ষক শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে আখলাকে হামিদাহর প্রতি ইঙ্গিত করেছেন।
ঘ) মানবজীবনে উদ্দীপকে আলোচিত বিষয়টি তথা আখলাকে হামিদাহর প্রয়োজনীয়তা অপরিসীম। মানব চরিত্রের সুন্দর, নির্মল ও মার্জিত গুণাবলিই আখলাক। যা মানবজীবনের শ্রেষ্ঠ সম্পদ। মানুষের ইহকাল ও পরকালীন সুখ, শান্তিও এর ওপর নির্ভরশীল। সুন্দর আচরণের মাধ্যমে মানুষে মানুষে বন্ধুত্ব তৈরি হয়। সুসম্পর্ক ও সৌহার্দ্যভাব বজায় থাকে। পারস্পরিক লেনদেন সহজতর হয়। জীবন হয়ে ওঠে মধুময়। মহানবি (স.) আরও বলেছেন, 'তোমাদের মধ্যে ঐ ব্যক্তি আমার নিকট সবচেয়ে প্রিয় যার চরিত্র উত্তম।' উদ্দীপকের শিক্ষক কোরবান আলী ছাত্রছাত্রীদের এ বিষয়টির প্রতিই ইঙ্গিত করেছেন যে, আখলাকে হামিদাহ বা সচ্চরিত্র মানবীয় মৌলিক গুণ ও জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এর দ্বারাই মানুষ পূর্ণমাত্রায় মনুষ্যত্বের স্তরে উপনীত হয়। মানবিকতা ও নৈতিকতার আদর্শ আখলাকে হামিদাহ বা সচ্চরিত্রের মাধ্যমেই পরিপূর্ণতা লাভ করে। মানুষের ইহ ও পরকালীন সুখ, শান্তি সচ্চরিত্রের উপরই নির্ভরশীল।