সৃজনশীল (CQ)
১. সামিন স্কুলের ব্যবহারিক ক্লাসে পেরিস্কোপ নিয়ে এর মধ্যে তাকাতেই ক্লাসের বাইরে অবস্থিত বাগানের ফুল লক্ষ করল। ক্লাসের শেষে হাত ধোয়ার জন্য বেসিনের আয়নার সামনে যেতেই লক্ষ করল সে যত সামনে আসছে আয়নার মধ্যে তার প্রতিচ্ছবিও তত সামনে এগিয়ে আসছে, আবার দূরে যাওয়ার সময় আয়নার মধ্যে তার প্রতিচ্ছবিও দূরে সরে যাচ্ছে। এরপর বাসায় ফিরে সে প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে ৩০° কোণে দর্পণ স্থাপন করে একটি পেরিস্কোপ তৈরি করল।
- ক) আলোর প্রতিফলন কাকে বলে?১
- খ) প্রতিবিম্ব বলতে কী বুঝায়?২
- গ) আয়নায় সামিনের প্রতিচ্ছবি পরিবর্তনের কারণ ব্যাখ্যা কর।৩
- ঘ) সামিনের বাসায় প্রস্তুতকৃত পেরিস্কোপ দিয়ে স্কুলের অনুরূপ বাইরের দৃশ্য দেখা সম্ভব হবে কি? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।৪
উত্তর দেখুন
ক) কোনো বস্তুতে আলো পড়ে যদি তা বাধা পেয়ে ফিরে আসে, তাহলে তাকে আলোর প্রতিফলন বলে।
খ) কোনো বিন্দু থেকে নির্গত আলোকরশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর যদি কোনো বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয় তবে ২য় বিন্দুকে ১ম বিন্দুর প্রতিবিম্ব বলে। প্রতিবিম্ব পার্শ্ব পরিবর্তন করে। যেমন—তুমি ডান হাত নাড়ালে প্রতিবিম্ব বাঁ হাত নাড়াচ্ছে বলে মনে হয়।
গ) উদ্দীপকে সামিন যত সামনে আসছে আয়নার মধ্যে তার প্রতিচ্ছবিও তত সামনে এগিয়ে আসছে। আবার দূরে যাওয়ার সময় আয়নার মধ্যে তার প্রতিচ্ছবিও দূরে সরে যাচ্ছে। কারণ দর্পণ থেকে সামিনের দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব সমান। আয়নায় বা দর্পণে সৃষ্ট প্রতিচ্ছবির ধর্মগুলো হলো ১. প্রতিচ্ছবি হবে লক্ষ্যবস্তুর সমান। ২. দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব ও প্রতিচ্ছবির দূরত্ব সমান। তাই সামিনের সামনে এগিয়ে আসা ও দূরে সরে যাওয়ার সময় প্রতিচ্ছবিও নিকটে এবং দূরে সরে যাচ্ছে।
ঘ) উদ্দীপকে সামিনের বাসায় প্রস্তুতকৃত পেরিস্কোপ দিয়ে স্কুলের অনুরূপ বাইরের দৃশ্য দেখা সম্ভব হবে না। কারণ পেরিস্কোপের মধ্যে স্থাপনকৃত দর্পণ দুটিকে টিউবের দেয়ালের সাথে ৪৫° কোণে স্থাপন করতে হবে। এরা পরস্পরের সাথে সমান্তরাল থাকে এবং প্রতিটি দর্পণ আলোর দিক ৯০° বাঁকিয়ে দেয়। এতে করে আলো এসে প্রথমে দর্পণে প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণে পড়ে। দ্বিতীয় দর্পণ থেকে আলো যখন প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে তখন যে বস্তুটি সরাসরি দেখা যায় না, তা আমরা দেখতে পাই। কিন্তু সামিনের বাসায় তৈরি পেরিস্কোপের দর্পণ ৩০° কোণে স্থাপন করা হয়েছে। ফলে প্রথম দর্পণে প্রতিফলিত আলো ৯০° বেঁকে টিউব বরাবর দ্বিতীয় দর্পণে পৌঁছাবে না, বরং টিউবের দেয়ালে পড়বে; তাই দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত হয়ে আলো চোখে আসবে না।
যার ফলে স্কুলের পেরিস্কোপের অনুরূপ বাইরের দৃশ্য দেখা যাবে না।
সূত্র: বিজ্ঞান (ষষ্ঠ শ্রেণি), অধ্যায় ৯, আলোর প্রতিফলন; পেরিস্কোপ