সৃজনশীল (CQ)
১. খুশবু, হৃদিতা ও সদিচ্ছা বাড়ি থেকে স্কুলে রওনা হলো। স্কুলে পৌঁছাতে খুশবুর ১৫ মিনিট, হৃদিতার ২০ মিনিট এবং সদিচ্ছার ৩০ মিনিট সময় লাগল। খুশবুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব ১৫০০ মিটার, হৃদিতার ১৮০০ মিটার এবং সদিচ্ছার ২১০০ মিটার।
- ক) পর্যাবৃত্ত গতি কাকে বলে?১
- খ) দেওয়াল ঘড়ির দোলকের গতি কী ধরনের গতি? ব্যাখ্যা কর।২
- গ) খুশবুর দ্রুতি নির্ণয় কর।৩
- ঘ) হৃদিতা ও সদিচ্ছার মধ্যে কার দ্রুতি বেশি? গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও।৪
উত্তর দেখুন
ক) কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পরপর একই পথ বারবার অতিক্রম করে, তাহলে সে গতিকে পর্যাবৃত্ত গতি বলে।
খ) দেওয়াল ঘড়ির দোলকের গতি স্পন্দন গতি।
দোলন গতি বা স্পন্দন গতি হলো সে গতি, যেখানে কোনো বস্তু একটি অবস্থানের অগ্রপশ্চাতে চলে বা গতিশীল থাকে। দেওয়াল ঘড়ির দোলকও একইভাবে অগ্রপশ্চাতে চলে, তাই দেওয়াল ঘড়ির দোলকের গতি স্পন্দন গতি।
গ) খুশবুর স্কুলে পৌঁছাতে সময় লাগে, t = ১৫ মিনিট
খুশবুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব, d = ১৫০০ মিটার
আমরা জানি, দ্রুতি = অতিক্রান্ত দূরত্ব ÷ সময়
∴ খুশবুর দ্রুতি = ১৫০০ মিটার ÷ ১৫ মিনিট = ১০০ মিটার/মিনিট
∴ খুশবুর দ্রুতি ১০০ মিটার/মিনিট (≈ ১.৬৭ মিটার/সেকেন্ড)।
ঘ) হৃদিতার স্কুলে পৌঁছাতে সময় লাগে ২০ মিনিট।
হৃদিতার বাড়ি থেকে স্কুলের দূরত্ব ১৮০০ মিটার।
∴ হৃদিতার দ্রুতি = ১৮০০ মিটার ÷ ২০ মিনিট = ৯০ মিটার/মিনিট
আবার, সদিচ্ছার স্কুলে পৌঁছাতে সময় লাগে ৩০ মিনিট।
সদিচ্ছার বাড়ি থেকে স্কুলের দূরত্ব ২১০০ মিটার।
∴ সদিচ্ছার দ্রুতি = ২১০০ মিটার ÷ ৩০ মিনিট = ৭০ মিটার/মিনিট
∴ হৃদিতার দ্রুতি বেশি। কারণ হৃদিতা প্রতি মিনিটে ৯০ মিটার দূরত্ব অতিক্রম করে, অপরদিকে সদিচ্ছা প্রতি মিনিটে অতিক্রম করে ৭০ মিটার। অর্থাৎ হৃদিতার দ্রুতি সদিচ্ছার চেয়ে (৯০ − ৭০) = ২০ মিটার/মিনিট বেশি।