সৃজনশীল (CQ)
১. নাবিহা প্রতিদিন কুরআন তিলাওয়াত করে। মেয়ের তিলাওয়াত শোনার জন্য বাবা মাওলানা আহমাদ সাহেব নাবিহার কাছে বসলেন।
নাবিহা তিলাওয়াত শুরু করল। তিলাওয়াতের সময়ে م (মিম) চিহ্নে বিরতি দেয়নি, فِيهَا (ফিহা) তিলাওয়াতের সময়ে ف বর্ণ এবং ﮪ বর্ণ (তাজবিদ অনুযায়ী) সঠিক নিয়মে পড়েনি। মেয়েকে উদ্দেশ্য করে নাবিহার বাবা বললেন, কুরআন তিলাওয়াতের জন্য আল্লাহ তায়ালা বিশেষ নির্দেশ দিয়েছেন।
- ক) মাখরাজ কী?১
- খ) নাযিরা তিলাওয়াত বলতে কী বোঝায়?২
- গ) নাবিহা দ্বিতীয় পর্যায়ে তাজবিদের কোন নিয়মটি ত্যাগ করেছে? ব্যাখ্যা কর।৩
- ঘ) নাবিহাকে তাঁর বাবা যে বিষয়টির প্রতি তাগিদ দিয়েছেন তার গুরুত্ব বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) মাখরাজ শব্দের অর্থ বের হওয়ার স্থান। তাজবিদের পরিভাষায় আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে।
খ) নাযিরা তিলাওয়াত বলতে কুরআন মাজিদ আরবি ভাষায় মুখস্থ না করে দেখে দেখে শুদ্ধভাবে পাঠ করা বোঝায়।
সংক্ষেপে, এটি হলো কুরআনের আয়াতসমূহ আরবি হরফ দেখে সঠিক উচ্চারণ ও নিয়ম (তাজবিদ) অনুসারে পড়া, যা সাধারণত মক্তবে বা কুরআন শিক্ষার প্রাথমিক পর্যায়ে শেখানো হয়।
গ) উদ্দীপকের নাবিহা তার তিলাওয়াতের দ্বিতীয় পর্যায়ে মাদ্দকে ত্যাগ করেছে। মাদ্দের হরফের ডান দিকের হরকতযুক্ত হরফ লম্বা করে পড়াকে মাদ্দ বলা হয়। তিলাওয়াতের সময় মাদ্দ-এর হরফে দীর্ঘ করে না পড়লে অর্থের পরিবর্তন হয়ে যাবে। এতে গুনাহ হবে। উদ্দীপকের নাবিহা, فِيهَا (ফিহা) তিলাওয়াতের সময়ে ف বর্ণ এবং ﮪ বর্ণ দীর্ঘ করে পড়েনি। তাই তার তিলাওয়াতও শুদ্ধ হয়নি। শুদ্ধ হওয়ার জন্য এ দুটি বর্ণে যে মাদ্দ-এর হরফ 'ﺍ' (আলিফ) ও 'ﻯ' (ইয়া) ছিল তা দীর্ঘ করে পড়লে তিলাওয়াত শুদ্ধ হতো। সুতরাং উপরিউক্ত আলোচনায় নির্দ্বিধায় বলা যায় যে, উদ্দীপকের নাবিহা তার তিলাওয়াতের দ্বিতীয় পর্যায়ে মাদ্দকে ত্যাগ করেছে।
ঘ) উদ্দীপকের মাওলানা আহমাদ সাহেব মেয়ে নাবিহাকে তাজবিদ অনুযায়ী শুদ্ধ ও সুন্দরভাবে কুরআন তিলাওয়াতের প্রতি তাগিদ দিয়েছেন। কুরআন শুদ্ধ ও সুন্দরভাবে তিলাওয়াতের মাধ্যমে অনেক ফযিলত লাভ করা যায়। এজন্য তাজবিদ অনুযায়ী কুরআন তিলাওয়াত করা অত্যাবশ্যক। তাজবিদ সহকারে কুরআন পড়া আল্লাহ তাআলার নির্দেশ। এ প্রসঙ্গে আল্লাহ বলেছেন, 'আপনি কুরআন আবৃত্তি করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে।' তাজবিদ না জেনে কুরআন পাঠ করলে তা শুদ্ধ হয় না। আর কুরআন পাঠ শুদ্ধ না হলে নামাযও সঠিকভাবে আদায় হয় না। তাছাড়া এরূপ তিলাওয়াতকারী কোনো সাওয়াব লাভ করবে না বরং গুনাহগার হবে। তাই উদ্দীপকের মাওলানা আহমাদ সাহেব মেয়ে নাবিহাকে তাজবিদ অনুযায়ী শুদ্ধ ও সুন্দরভাবে কুরআন তিলাওয়াতের প্রতি গুরুত্বারোপ করেছেন।